সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দরবস্ত বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার টহল টিমের নেতৃত্বে এসআই সুমিত আহমেদসহ পুলিশের সদস্যরা দরবস্ত বাজার এলাকায় সিএনজিটিকে গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় সিএনজির ইঞ্জিনের পেছনের দরজার ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছেঃ- আইকনিক ৭৭৫ এমএল বড় বোতল ১০টি, ছোট বোতল ৩০টি, রয়েল গ্রীন বড় বোতল ৫টি এবং ছোট বোতল ২৩টিসহ মোট ৬৮ বোতল।
এ ঘটনায় সিএনজি চালকসহ মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেনঃ- জৈন্তাপুর উপজেলার পীরের বাজার মোকামেরগুল এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রবিউল মিয়া (২৬), উত্তর মোকামেরগুল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে সালমান আহমদ (২০) এবং একই এলাকার পীরের বাজারের স্বপন আহমেদের ছেলে রাহাত আহমেদ (২১)।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.