
সিলেটের তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চোরাচালানী ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহল দল ও সেনাবাহিনীর ২৭ বীরের হরিপুর আর্মি ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, একটি ট্রাকে অভিনব কৌশলে বালুর নিচে চোরাচালানী কসমেটিকস লুকিয়ে তা পাচার করার চেষ্টা করা হচ্ছিল।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহায়তায় এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃত মালামালগুলোর বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বিজিবির পক্ষ থেকে সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।