
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সম্প্রতি সফলভাবে ওয়ার্কওভার কার্যক্রম শেষ হওয়ার পর এ সুখবর জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
এসজিএফএল-এর তথ্য অনুযায়ী, আগামী এক দশকে এ কূপ থেকে প্রায় ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। এর সঙ্গে উপজাত হিসেবে মিলবে কনডেনসেট, যা দেশের জ্বালানি খাতে যুক্ত করবে নতুন মাত্রা। বর্তমান বাজারদরে এ গ্যাসের অর্থমূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।
এসজিএফএল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির দক্ষ প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে এই ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন করেছে। বর্তমানে সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপে নতুন খনন কাজ চলমান। পাশাপাশি কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে সংস্কার কার্যক্রমও এগিয়ে চলছে। এসব উদ্যোগ সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম জানান, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে নতুন গ্যাস আবিষ্কৃত হওয়ায় ইতিমধ্যেই জেলা প্রশাসক কূপটি পরিদর্শন করেছেন। এখান থেকে আগামী ১০ বছরে টেকসইভাবে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
প্রসঙ্গত, দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে স্থাপিত হয় দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট। এ প্ল্যান্ট থেকেই প্রতিদিন উৎপাদিত হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি—যা জাতীয় জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।