
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের শহীদ জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করেন তিনি।
ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, হাওর ও কৃষির উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং সাস্থ্যের উন্নয়নসহ মৌলিক বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে। নুরুল ইসলাম বলেন, এই ইশতেহার প্রতিশ্রুতি নয় বরং একটি দায়বদ্ধ অঙ্গীকার। সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসন মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় নিরাপদ সুনামগঞ্জ গড়তে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানিয়েছেন এই প্রার্থী। নির্বাচিত হলে জনগণের নিরাপত্তার একজন প্রহরী হয়ে থাকার কথা জানিয়ে নুরুল ইসলাম নুরুল বলেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই। যেকোন সমস্যায় আমাকে আপনাদের পাশে পাবেন। নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।