
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুয়েব আহমদ ও সাধারণ সম্পাদক জামাল আহমদ সবুজকে বহিষ্কারের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বহিষ্কারের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুনর্বহালের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে রাজপথে আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন।
লিখিত বক্তব্যে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে তারা রাজপথে প্রতিবাদ জানান। পরবর্তীতে দলের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
অভিযোগে আরও বলা হয়, একাধিকবার তাদের আশ্বস্ত করা হয়েছিল যে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পদ ফিরিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট একজন মন্ত্রীসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বিষয়টি সমাধানে উদ্যোগ নেন এবং প্রতিশ্রুতি ও দেওয়া হয়। এমনকি নির্বাচনের আগে তাদের ডেকে নিয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বহিষ্কৃত নেতারা দাবি করেন, তারা সবসময় দলের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে সমাধানের অপেক্ষায় ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ।
তাদের বক্তব্যে বলা হয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তারা বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবেন। “রাজপথ আমাদের পরিচিত জায়গা। সাংগঠনিকভাবে সম্মান ফিরিয়ে না দিলে আমরা আবারও আন্দোলনে নামবো,” এমন মন্তব্য করেন তারা।
এ বিষয়ে দলীয় সিনিয়র নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টির দ্রুত সমাধান না হলে তৃণমূল পর্যায়ে বিরূপ প্রভাব পড়তে পারে।