
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে মাদরাসা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে সবুজে ঘেরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বিভিন্ন ধরণের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান, সহকারী সুপারিন্টেন্ডেন্ট আতাউর রহমান, সহকারী শিক্ষক আকিকুর রহমান, সাজ্জাদ আহমেদ, মুনশাদ আহমেদ, মো. লালন মিয়া, মো. আব্দাল মিয়া, দাপ্তরিক মো. তাজুল মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান বলেন, “গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করাও সমান জরুরি।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটিকে বড় করার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”