
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গয়াহরি শ্মশানঘাট থেকে ভীম লাল দাশ (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ভীম লাল দাশ উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভীম লাল দাশ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকাল ৮টার দিকে গয়াহরি গ্রামের এক ব্যক্তি জমিতে কাজ করতে যাওয়ার সময় শ্মশানঘাটে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে শ্মশানঘাট এলাকায় গেলে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।