
ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্রগুলোর সামারকালীন কোরআন শিক্ষা কোর্সের সমাপনী, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট সোমবার প্যারিসের অভারভিলিয়ের বাঙালি কমিউনিটি শাখার উদ্যোগে মসজিদ আল আনসারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর নাতি হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী পবিত্র কোরআন মাজিদ সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াতের গুরুত্ব তুলে ধরে বলেন, কোরআন মাজিদ আল্লাহ তায়ালার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। মুসলমানদের উচিত কোরআন মাজিদ সঠিকভাবে শেখা ও তিলাওয়াত করা। নামাজের অন্যতম পূর্বশর্ত হলো সহিহ-শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা।
তিনি বলেন, হজরত জিবরাইল (আ.) আল্লাহর কাছ থেকে কালাম পাক শ্রবণ করে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে তিলাওয়াত করে শুনিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে এবং সাহাবায়ে কেরাম পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষা দিয়েছেন। এভাবেই ধারাবাহিক সিলসিলার মাধ্যমে কোরআনের তিলাওয়াত আমাদের কাছে পৌঁছেছে। তাই তিলাওয়াতের সময় হরফের হক ও তাজবিদের নিয়ম যথাযথভাবে আদায় করা জরুরি।
তিনি আরও বলেন, কোরআন মাজিদ শিক্ষা অর্জনের অন্যতম মকবুল মাধ্যম হলো দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) রাসুলুল্লাহ (সা.)-এর ইশারায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের খেদমতে জীবনের শেষ সময় পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন।
তাঁর উত্তরসূরি হিসেবে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কালামে পাক তথা দারুল কিরাতের খেদমত অব্যাহত রাখতে হবে।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজি আব্দুল মুহিত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাবেক সভাপতি এখলাসুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারি রুবেল আহমদ, সেন্টারের প্রধান ক্বারি সাইফুর রহমান সপন, সুহেল আহমদ, ফরিদ উদ্দিন চৌধুরী, সাঈদ আহমদ, আজহার আহমদ ও ক্বারি রাজু আহমদ। শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন ক্বারি খালেদ আহমদ।
সাফওয়ান খালেদের কোরআন তিলাওয়াত ও আবু সাইদ সায়েমের নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা আমিনুর রশীদ টিপু, অভারভিলিয়ের বাঙালি কমিউনিটি মসজিদের সভাপতি সালেহ আহমদ, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, আবু সিদ্দিক আনসারী, মনজ্জিল আলী লুকেস, আমিনুল হক্ক রজব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক আহসান হাবিব শাহ, প্রচার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন সার্সেল-সেন্ডনিসের বিলাল (রা.) মসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সার্সেল-সেন্ডনিস শাখার সামারকালীন কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমাপনী, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাদ জোহর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর নাতি হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পবিত্র কোরআন শরিফ সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত শেখার গুরুত্ব তুলে ধরেন এবং কোরআন শিক্ষার পাশাপাশি নিয়মিত আমল ও অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শাখার নাযিম কাজি আব্দুল মুহিত, প্রধান ক্বারি বেলায়েত হোসেনসহ আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের নেতৃবৃন্দ, বাঙালি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উভয় শাখার অনুষ্ঠানের শেষপর্বে সামারকালীন কোরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরে কোরআন শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানগুলোর সমাপ্তি ঘটে।