
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার ও খুচরা বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
এ সময় সারের মজুত, বিক্রয়মূল্য ও ডিলারদের হিসাবপত্র যাচাই করে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হুসাইন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকার সার ডিলারদের বিক্রয়কেন্দ্র ও গুদাম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিলারদের রেজিস্টারে থাকা মজুতের হিসাবের সঙ্গে গুদামের বাস্তব মজুত মিলিয়ে দেখেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে সারের বিক্রয়মূল্য যাচাই, মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন।
মেহরাব হুসাইন বলেন, “কৃষকদের প্রয়োজনীয় সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ডিও পাওয়ার পর সার উত্তোলন না করে গুদামে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা করা হলেও কঠোরভাবে নজরদারি করা হবে। কৃষকের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ ব্যবসা করার চেষ্টা করলে প্রশাসন কোনো ছাড় দেবে না। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার ডিলারদের উত্তোলন, মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। খাতা-কলমে মজুত দেখিয়ে বাস্তবে সার গুদামে আটকে রাখা কিংবা অতিরিক্ত দামে বিক্রির কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সার নিয়ে কৃষকদের হয়রানি ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে প্রশাসনের আকস্মিক তদারকিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা। তাদের প্রত্যাশা, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারির মাধ্যমে সার ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
এবিষয়ে বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহরাব হুসাইন বলেন, “কৃষকের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কারসাজি বরদাশত করা হবে না। সার বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে কৃষি অধিদপ্তর ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।