
সকালে চা পাতা তুলতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মীরা হাজরা (৪০)। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পর দিন শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু রাতে ফিরলেন না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ভাড়াউড়া চা বাগানের একটি গভীর ড্রেন থেকে উদ্ধার হলো তাঁর মরদেহ।
সোমবার রাতে উপজেলার ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের ওই ড্রেন থেকে মীরা হাজরার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই চা বাগানের শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে চা বাগানের একটি গভীর ড্রেনের ভেতর তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় একটি পুটলিও পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা সংগ্রহের সময় গভীর ড্রেনটি পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনে পড়ে যান। তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার নিচে তিনি চাপা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মীরার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।