
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান এলাকা থেকে ২১ বোতল ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হরিণছড়া এলাকার জমির মিয়া (৩০), জিলু মিয়া (২৭) ও মো. নুর হোসেন (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল হরিণছড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিন যুবককে আটক করা হয়।
পরে আটক জমির মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এসব বিদেশি মদ সংগ্রহ ও মজুত করার কথা জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জমির মিয়া, জিলু মিয়া ও মো. নুর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের মৌলভীবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও সরবরাহ বন্ধে চা-বাগানসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।