
লাখাই উপজেলার অন্যতম বৃহৎ ব্যবসা কেন্দ্র বুল্লাবাজারে ইদানীং চুরির উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো দোকানে চুরির ঘটনা ঘটায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
বাজার শৃঙ্খলা রক্ষায় বাজার কমিটি ও নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরি বন্ধে কোনো কার্যকরী পদক্ষেপ না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
সর্বশেষ গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বাজারে আবারও চুরির ঘটনা ঘটেছে।
বাজারের ব্যবসায়ী সূত্রে জানা যায়, গভীর রাতে বুল্লাবাজার জামে মসজিদের প্রধান ফটকের (মেইন গেট) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
মসজিদের ভেতরের আরেকটি তালা ভাঙতে ব্যর্থ হয়ে চোরেরা এর অবকাঠামো ভেঙে ভেতরে রক্ষিত দানবাক্সের নগদ টাকা লুটে নেয়। ইতিপূর্বেও মসজিদের পানির পাম্প মাইক চুরির ঘটনা ঘটেছে বলে যানা গেছে।
একই রাতে চোরচক্র বাজারের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জুনাইদ চৌধুরীর দোকানের পেছনের অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায়।
একই রাতে এমন দুটি চুরির ঘটনায় পুরো বাজার এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুল্লাবাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কীভাবে একের পর এক চুরির ঘটনা ঘটছে তা রহস্যজনক।
তারা নিজেদের পুঁজি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও লাখাই থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যপারে ব্যকসের সভাপতি বাদশা মিয়ার সাথে আলাপকালে জানান, বাজারে শৃঙ্খলা রক্ষা ও চুরিরোধ করতে আমরা উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি।