
হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অত্র বিদ্যালয়ের প্রাঙ্গণে এই সেবামূলক কর্মসূচি শুরু হয়।
অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ ৫নং করাব ইউনিয়ন শাখার আয়োজনে এবং স্টার লেট ফ্যাশন মেকারের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভুঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার। এরপর সংগঠনের যাবতীয় কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পারভেজ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ লাখাইর উপদেষ্টা আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল ও সহ-সভাপতি মহসিন আলম।
এছাড়া আরও বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি হাজী মহসিন সাদেক, আব্দুল মোতালিব খান, জাকারিয়া চৌধুরী রতন, আজিম আহমেদ বিপ্লব প্রমুখ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন শফিকুল ইসলাম সাবাল।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ করাব ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ক্যাম্পটিতে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।