
সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী চৌধুরী রায়হান ইবনে সুলতান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ম্যোলা রবিউল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল বারী তুহিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল-মামুন। উন্মুক্ত আলোচনায বক্তব্য দেন সাংবাদিক আকরাম উদ্দিন, রাজু আহমেদ রমজান, আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন- বাংলাদেশের প্রেক্ষাপটে আবাসন শুধু একটি ঘর নির্মাণের বিষয় নয়। নিরাপদ বাসস্থান, যোগাযোগ, পানি ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, খেলার জায়গা এবং অন্যান্য নাগরিক সুবিধাও এর সঙ্গে যুক্ত। ফলে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হলে আবাসন পরিকল্পনার সঙ্গে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে সমন্বিত করতে হবে। বিশ্ব বসতি দিবস নগরায়ণের প্রবণতা, চ্যালেঞ্জ ও টেকসই সমাধান সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নত বসবাসের পরিবেশ ও জীবনযাত্রার মান নিশ্চিত করতে শহর ও নগরের ভবিষ্যৎ গঠনে সবার দায়িত্ব ও অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।