
সিলেটের জৈন্তাপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও ব্যক্তিগত পর্যায় থেকে সচেষ্ট হতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রয়াসে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সভা শেষে সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জৈন্তাপুর স্টেশনের ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথের পরিচালনায় দুর্যোগকালীন জরুরি উদ্ধার তৎপরতা সংক্রান্ত এক মহড়া প্রদর্শিত হয়।
এদিকে, দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’র নানা প্রতিযোগিতার বিজয়ী শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা হলরুমে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান সভাপতির বক্তব্য দেন ইউএনও সুনন্দা রায়। উল্লেখ্য, গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একই দিন বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিএ তাপস চন্দ্র পালের সঞ্চালনায় আয়োজিত সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা জোরদারকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
দিনব্যাপী পৃথক এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিজিবি প্রতিনিধি আলাউদ্দিন, আনসার কমান্ডার মাসুক মিয়া, পিডিবির আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক প্রণত কান্ত দেবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।