
সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষকদের মাঝে আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও কৃষকদের হাতে চারা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতের আওতায় দেশি জাতের আনারসের উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ চারা বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে উপজেলার চারটি ইউনিয়নের কৃষকদের মাঝে মোট ৪৫ হাজার আনারসের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, নুরুল ইসলাম খান (উদ্ভিদ সংরক্ষণ), মামুনুর রশিদ, সালেহ আহমেদ, শোয়েব আহমেদ, সানজিদা ইসরাত, হাবিবা বেগম ও খাদিজা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আনারস চাষিরা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কর্মসূচির আয়োজকরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে আনারস চাষে আগ্রহ বাড়বে এবং ফল উৎপাদনে নতুন দিগন্তের সূচনা হবে।