
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলার অন্তর্গত বুধরাইল গ্রামে মোঃ শাহেল মিয়া’র বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা বাংলাদেশে শেখ হাসিনার অনুসারী আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মিদের বাড়ীতে ছাত্র-জনতা হামলা ও ভাংচুর করে। উক্ত ভাংচুরের অংশ হিসেবে গতকাল জগন্নাথপুর থানার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অন্তর্গত বুধরাইল গ্রামের জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহেল মিয়া’র বাড়ীতেও হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকাল ৫টার দিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মো: শাহেল মিয়ার বাড়ীতে হামলা চালায়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রথমে গেট ভেঙ্গে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে শাহেলকে খুঁজতে থাকে। তখন তারা শাহেলকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুট পাট করে। এসময় শাহেলের পিতা মোঃ আব্দুল মতিন তাদেরকে বাধা দিলে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা করান।
তবে আহতের স্ত্রী অভিযোগ করেছেন, তার পুত্র মো: শাহেল মিয়া এবং স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এই হামলা ও ভাংচুর চালিয়েছে। তিনি আরও বলেন তার পুত্র ছাত্রলীগ নেতা মোঃ শাহেল মিয়া অনেক আগেই যুক্তরাজ্যে চলে গেছেন। স্থানীয় প্রভাবশালী বিএনপি, জামাতের হামলায় তার স্বামী মারাত্মক আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার দরুন বর্তমানে তারা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভূগতেছেন বলে জানান।