সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় ফেলুডার (লোডার মেশিন) চাপায় মো. কামাল হোসেন (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা বাজার এলাকার একটি বালু লোডিং সাইটে ফেলুডা দিয়ে বালু তোলার সময় অসাবধানতাবশত কামাল হোসেন মেশিনটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কামাল হোসেন জৈন্তাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের বাসিন্দা ও মৃত জুজু মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেলুডা মেশিনটির মালিক ৪ নম্বর আসামপাড়া বাজারীগুল এলাকার মা স্টোন ক্রাশারের মালিক জাহাঙ্গীর আলম। দুর্ঘটনার সময় মেশিনটি চালাচ্ছিলেন তার ছোট ভাই সাদ্দাম হোসেন (২৮)। ঘটনার পর থেকেই চালক সাদ্দাম পলাতক রয়েছেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হই এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।