সিলেট তামাবিল হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মোঃ সামসুল (৪২) নামের এক ব্যক্তি আটক হয়েছে।
সোমবার (২ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন সারিঘাট ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট রিজিয়নের হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল রাত ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গিতে গোজে রাখা একটি কালো পলিথিন ব্যাগ থেকে গোলাপী রঙের মোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে তার শার্টের পকেট থেকে ৫০০ ও ২০০ টাকার দুটি নোটসহ মোট ৭০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫৪০০ টাকা বলে জানায় পুলিশ।
এসআই আব্দুল বাতেন বলেন-আমি নিজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করি। সে সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করি। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন-মাদকবিরোধী অভিযানে আমাদের টিম সর্বদা সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযান সফল হয়েছে। আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।