সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজারের পাশে এনা ও ইউনিক পরিবহনের বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়ার (২৬) বাড়ি ফরিদপুর জেলার তারাকান্দা উপজেলায়। তিনি ইউনিক বাসের হেল্পার ছিলেন।

দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে আসা এনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিকের হেল্পারের মৃত্যু হয়।

এনা গাড়ি বেপরোয়া গতিতে ভুল পাশ থেকে এসে এ দুর্ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়াস সার্ভিস, ওসমানীনগর থানাপুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর কুরুয়া বাজারের দুপাশে সিলেট-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যানজট নিরসন করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইউনিক পরিবহনের ১টি বাস ও এনা পরিবহনের ১টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।