সিলেটের জৈন্তাপুর মডেল থানার পৃথক দুই অভিযানে চোরাই চুঁইঝাল বোঝাই একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে চোরাই পণ্যের সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক ওবায়দুল হাসানের নেতৃত্বে নিজপাট ইউনিয়নের মাহুতহাঁটি সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-২০৯৭) তল্লাশির সময় ট্রাকটির ভিতর থেকে ১৫০০ কেজি (দেড় টন) ভারত থেকে চোরাই পথে আনা চুঁইঝাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় ট্রাকে থাকা চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ রেজাউল করিম (২৪), বরিশালের মুলাদী থানার বাইল্লাতলী গ্রামের হাকিম মুন্সির ছেলে সিয়াম মুন্সি (২৪), ময়মনসিংহের গৌরীপুর থানার হুজিখা গ্রামের মৃত আব্দুল লতিব তালুকদারের ছেলে মোঃ জিলানী (১৯), এবং কুমিল্লার হোমনা থানার ঘাড়মোড়া গ্রামের মোঃ ফারুখের ছেলে মোঃ ফাহিম (১৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, চুঁইঝালগুলো ভারত থেকে চোরাই পথে এনে যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল।

জব্দকৃত চুঁইঝালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম রামপ্রসাদ গ্রামে স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির সময় চোর জাহাঙ্গীর আলম (৩০) কে আটক করা হয়। সে ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পানির পাম্প এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাম্প চুরির বিষয়টি স্বীকার করেছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান দুটি পৃথক অভিযানে পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চুঁইঝাল পাচারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং সিএনজি চুরির ঘটনায় মালিকের দায়ের করা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।