সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা বিস্ফোরিত হয়ে রোমান আহমদ (২৩) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। তিনি এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার লুসাইন গ্রামের আব্দুল কাদিরের পুত্র।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রোমান আহমদ টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানির তত্ত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন বলেন জানা গেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫-৬ জন মিলে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা মেরামত করছিলেন।

এমন সময় চাকা ফেটে (বিস্ফোরিত) গিয়ে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে রোমান মারা যান। গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তির নাম এনামুল, তার বাড়ি এয়ারপোর্ট থানাধীন মুহালদিক গ্রামে।

তিনি আরও বলেন, এটি রুটিন কাজ। এ কাজের জন্য সানরাইজ নামক কোম্পানির চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে লোকবল দিয়ে কাজ করায়। হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। অবশ্য ঘটনাটি দুঃখজনক।