সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ত্রিপাখোলা এলাকায় বিশেষ অভিযানে ৬টি ভারতীয় গরু আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুর সিজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।