সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অবৈধ বালু-পাথর আহরণ প্রতিরোধার্থে অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার(২৪ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা হক মিতা।
প্রধান অতিথি বক্তব্যে ঘোষণা করেন- সম্প্রতি ভোলাগঞ্জ সাদা পাথর প্রান্তরসহ জাফলং ও জৈন্তাপুরের নানাবিধ স্পট হইতে অবৈধ পাথর লুট ও সঞ্চয়ের সাক্ষ্য প্রমাণিত হইয়াছে। প্রশাসন ইতিমধ্যে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করিয়া পুনঃস্থাপন কার্যক্রম আরম্ভ করিয়াছে।
তিনি কঠোর সতর্কবার্তায় অবহিত করেন, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান লুণ্ঠিত পাথর নিজ আঙিনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা উঠানে সঞ্চিত রাখিয়াছে, তাহারা আগামী ২৬শে আগস্টের মধ্যে স্বউদ্যোগে নদীতে পুনঃস্থাপন করিবে। অন্যথায় ২৭শে আগস্ট হইতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবার নির্দেশ প্রদান করেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিগণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান রক্ষার্থে কার্যকর উদ্যোগের দাবি উত্থাপন করেন। জবাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশ্বাস প্রদান করেন যে, সকল প্রস্তাব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অবহিত করা হইবে। তিনি আরো বলেন, জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণপূর্বক পর্যটনবান্ধব পরিবেশ গড়িয়া তুলিতে হইবে এবং পর্যটন স্পট কেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে সকলে সহায়তা করিতে হইবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১নং নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম,
৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, নারী সদস্য, স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ব্যবসায়ী, পাথর আমদানিকারক ও ঘাট ব্যবসায়ীগণ, সাংবাদিক সমাজ এবং শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় অংশীজনগণ অবৈধ বালু-পাথর আহরণ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের প্রতি সমর্থন জ্ঞাপন করিয়া কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান।