হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় মদ ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের অন্তর্গত কামারগাও গ্রামের নুনুয়া রবি দাসের ছেলে গাছা রবি দাস (৪২), একই গ্রামের আবু রবি দাসের ছেলে লাল রবি দাস (৩২) ও আবোয়া রবি দাসের ছেলে যোগেশ রবি দাস (২৫)
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর ৩টা পর্যন্ত টানা অভিযান পরিচালক করা হয়।
বানিয়াচং উপজেলা পরিষদ ০৬ বীর আর্মি ক্যাম্প থেকে বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ ৬ বীর এর নেতৃত্বে সেনা সদস্যরা নবীগঞ্জের দিঘলবাগ ইউনিয়নের কামারগাও গ্রামে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে এলাকায় দেশীয় মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়।
এসময় ১২ লিটার প্রস্তুতকৃত দেশীয় মদ, ৩৬০ লিটার দেশীয় মদের ওয়াস এবং মদ তৈরির বিশেষ ওষুধ ৬ কেজি জব্দ করা হয়।
সেনা বাহিনী জানায়, এসব অবৈধ মদ দীর্ঘদিন ধরে এলাকার তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল।
পরে গ্রেফতারকৃতদের নবীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এবং ডিউটি অফিসার এসআই অনিক পাল এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
স্থানীয় সচেতন মহল জানান, সেনা অভিযানের ফলে দীর্ঘদিন ধরে চলা মদের অবৈধ কারবারে বড় ধরনের ধাক্কা লাগবে এবং এলাকায় স্বস্তি ফিরে আসবে।