লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হওয়ায় হবিগঞ্জ শহরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করে তালাবদ্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. শরীফ মো. সানজিদ জামান।
অভিযানে দেখা যায়, শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার হাসপাতাল ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতাল ১০ শয্যার অনুমোদিত হলেও সেখানে নিয়মিত চিকিৎসক ও নার্স কেউই দায়িত্বে ছিলেন না। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাধ্যতামূলক কালার কোডেড বিন ছিল না, ল্যাবরেটরির মানও ছিল নিম্নমানের। রোগীদের কাছ থেকে নেওয়া হতো অতিরিক্ত অর্থ, আর জরাজীর্ণ শয্যায় চলছিল অপারেশন।
এ কারণে হাসপাতাল দুটি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং কার্যক্রম বন্ধ করে তালাবদ্ধ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু জানান, নির্দেশনা অমান্য করার কারণে হাসপাতালগুলো বন্ধ করা হয়েছে। তবে শর্ত পূরণ ও যোগ্যতা অর্জনের পর চাইলে তারা পুনরায় কার্যক্রম চালু করতে পারবে।
সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শরীফ মো. সানজিদ জামান বলেন, জেলা প্রশাসন, সিভিল সার্জন ও পুলিশ সুপারের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে দুটি হাসপাতাল বন্ধ করা হয়েছে, শিগগিরই জেলার অন্যান্য অবৈধ হাসপাতালও সিলগালা করা হবে।