জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারী শিক্ষকদের পুলিশি নির্যাতন ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বানিয়াচং উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রত্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের।
বক্তাগণ বলেন, দ্রব্যমূল্য অনেক বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ি ভাড়াও বেড়েছে। কিন্তু সেই টাকা দিয়ে সংসার পরিচালনা দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। তাই শিক্ষকদের বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতাও উৎসব ভাতা ৭৫% দিতে হবে। এ ক্ষেত্রে সরকার গড়িমসি করায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এখন আমাদের জাতীয়করণ চাই।

সহকারী শিক্ষক সঞ্জু দাশের সঞ্চালণায় বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেমায়েত আলী খান, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, নাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান হাবিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপু রাণী সরকার, মহারত্ম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব ও সহকারী শিক্ষক মুফতি সাব্বির আহমদ শিবলী নোমানী প্রমুখ।

এসময় শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।