বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার সিএনজি মালিক সমিতির (নিবন্ধন নং ১০৭৪) সাধারণ সম্পাদক এস.আর. সবুজ এর বিরুদ্ধে দৈনিক সমাচার পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বানিয়াচং নতুন বাজার সিএনজি মালিক সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ সোহেল আহমদ।
এ সময় বক্তারা বলেন, “এস.আর. সবুজ একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।”
বক্তারা আরও বলেন, “এস.আর. সবুজ কোনো রাজনৈতিক সংগঠন, বিশেষ করে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। তাঁকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নিঃসন্দেহে নিন্দনীয়। আমরা নতুন বাজার সিএনজি মালিক ও শ্রমিক সমিতির পক্ষ থেকে এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তাঁরা আরও জানান, এস.আর. সবুজ প্রায় ১৫ বছর ধরে একজন শ্রমিক হিসেবে কাজ করে আসছেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন নতুন বাজার সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে।
বক্তাগণ দৃঢ়ভাবে বলেন, “আমরা ঐক্যবদ্ধ। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।”
সভায় আরও বক্তব্য রাখেন—সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল মিয়া, কোষাধ্যক্ষ কবির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু মিয়া, ম্যানেজার শমসের আলী, সদস্য সেলিম মিয়া, কালা শাহ, শ্রমিক নেতা আবু সুফিয়ান, মন্টু মিয়া, আয়াত আলী, ছোটন মিয়া, শাহ নূর মিয়া, হাসান মিয়া ও পারভেজ মিয়া প্রমুখ।