জৈন্তাপুর সংবাদদাতা ।।
মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জৈন্তাপুরে খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮শে নভেম্বর) বাদ এশা জৈন্তাপুর বাসস্ট্যান্ডে কর্মসূচিতে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন- “ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান”, “আল্লাহ তাআলার অপমান, সইবে না মুসলমান”, “ইসলামের অপমান, সইবে না মুসলমান”।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুশ শাকুর। এসময়ে বক্তব্য রাখেন
খাদিমুন ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুর এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আরশাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় আরও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আবুল সরকার নামে এক ব্যক্তি ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তার এ ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত এনেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো গুরুতর অপরাধের জন্য আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।