সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং করার দায়ে চার নম্বর বাংলা বাজার এলাকার দুইটি স্টোন ক্রাশার মিলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অবস্থিত ক্রাশার মিলগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় দেখা যায়, সংশ্লিষ্ট মিলগুলো পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং করায় অতিরিক্ত ধুলোবালি সৃষ্টি হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় দুইটি ক্রাশার মিলকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে পানি ব্যবহার না করে ক্রাশার মিল পরিচালনা করা হলে মিল বন্ধ করে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
এছাড়া এলাকায় অবস্থিত অন্যান্য ক্রাশার মিল মালিকদেরও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, পরিবেশ সুরক্ষার স্বার্থে নিয়মিতভাবে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, আজকের অভিযানে দুইটি ক্রাশার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আগামী দিনগুলোতে উপজেলার প্রতিটি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিচালনায় সকল মিল মালিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।