ইলমে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাজ্জাদ আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পৃষ্ঠপোষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আবুল কামাল মওদুদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা আবুল বয়ান মোহাম্মদ হাসান ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইমাদ মিয়া।

স্বাগত বক্তব্যে সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিকতা ছাড়া প্রকৃত সফলতা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির বিকাশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য যুগোপযোগী পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মাদরাসাটিকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ, রাষ্ট্র ও উম্মাহর কর্ণধার। শিক্ষা হতে হবে জ্ঞানভিত্তিক, নৈতিকতানির্ভর ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।”
তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত উপস্থিতি ও সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের সঠিক পথে পরিচালনায় সচেতন নজরদারি, ভালো পরিবেশ ও নিয়মিত অনুপ্রেরণার কোনো বিকল্প নেই। বিশেষ করে মোবাইল ফোন ও অনিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “প্রযুক্তি যেন শিক্ষার্থীদের সহায়ক হয়, প্রতিবন্ধক না হয়—এই দায়িত্ব পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে পালন করতে হবে।”
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আলম মিয়া, আনোয়ার হোসেন ও মাসুক লস্কর। তাঁরা মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে গঠনমূলক মতামত তুলে ধরেন।
২০২৫ শিক্ষাবর্ষে নুরানী তালিমুল কুরআন বোর্ডের সিলেট বিভাগে জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসা তৃতীয় স্থান অর্জন ও বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ২১ জন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ৫১টি পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাওলানা নবীর আলী ও ফুল মিয়া-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাওলানা রায়হান আহমদ ও মাওলানা আফজল হাসান-কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে সভাপতির বক্তব্যের পর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও মাদ্রাসার সার্বিক কল্যাণে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় সাংবাদিক দিলোয়ার হোসেন, সহকারী শিক্ষক ফুল মিয়া, আকিকুর রহমান, লালন মিয়া, মোবারক আলী, নবীর আলী, আফজল হাসান, হামিদুর রহমান, ইদদাদুল হক, রায়হান আহমদ, আবু তোহাসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।