সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লালার গাঁও গ্রামে মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় অর্ধশতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন ‘হক ফাউন্ডেশন’ এ কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লালার গাঁও গ্রামে মাষ্টার আব্দুল করিম সাহেবের নিজ বাড়িতে প্রতিবছরের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, ছোলা, আলু ও সয়াবিন তেলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি। আয়োজকরা জানান, রমজানে যাতে নিম্নআয়ের মানুষ স্বাচ্ছন্দ্যে ইফতার ও সেহরি করতে পারেন, সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হক ফাউন্ডেশনের সদস্য সচিব এমদাদুল হক, সদস্য মোহাম্মদ হাফিজুল হক, আবদুর রহমান, রবিউল হক রবি, আরিফুল হক আরিফ ও হাবিবুল হক হাবিবসহ উপস্থিত ব্যক্তিবর্গ।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।