মাদকসেবী-বিক্রেতা যেই হোক ছাড় দেওয়া যাবে না বলে কঠোর হুশিয়ারি দিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, যত বড় নেতা হোক সে যদি মাদক গ্রহণ করে তার ব্যাপারেও ছাড় নয়।

তাহিরপুর উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাওরবন্ধুখ্যাত এই সাংসদ। প্রশাসনকে মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দিয়ে তিনি বলেন, অভিযানে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মত প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক বাবরুল হাসান বাবলুসহ অনেকে। অন্যদিকে, সীমান্ত নদী যাদুকাটায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলনের বিষয়টি তুলে ধরা হলে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন সাংসদ কামরুজ্জামান কামরুল।

তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে রবিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।