সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন জব্দ করে ধ্বংস করা হলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

রোববার (১ মার্চ ২০২৬) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

প্রথম দফায় উপজেলার মোকাবাড়ী আলুবাগান এলাকায় অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শ্যালো মেশিন জব্দ করে তা ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে রুপচেং এলাকায় বড়গাং নদীতে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এখানেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সবশেষে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জৈন্তাপুর সদর স্টেশন বাজারে বাজার মনিটরিং করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।