পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন “আস-সুমাইত ফাউন্ডেশন”। “জনস্বার্থে আস্থার হাত, সুন্নাহর পথে দিনরাত” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি প্রায় ৪০টি সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

গত বুধবার (১৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন ঈদের উপহার। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে অনেক পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি—যা ঈদের প্রকৃত আনন্দকেই নতুনভাবে অর্থবহ করে তোলে।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, অল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাদের ভাষায়, “এই ছোট্ট প্রয়াসই আমাদের বড় স্বপ্নের শুরু। আমরা চাই, ঈদের আনন্দ থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না থাকে।”

তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে এগিয়ে এলে মানবিক পরিবর্তন সম্ভব বলেও মনে করেন তারা।
এদিকে, এই কার্যক্রম সফল করতে যারা আর্থিক ও নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে “আস-সুমাইত ফাউন্ডেশন”। সংগঠনটির মতে, সম্মিলিত উদ্যোগই পারে একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তুলতে।

মানবকল্যাণে নিবেদিত এই সংগঠনটি জানায়, সুন্নাহর আলোকে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখাই তাদের লক্ষ্য। সেই সঙ্গে ভবিষ্যত কার্যক্রম সফল করতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তারা।