পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন গভীর আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত এক হৃদয়ছোঁয়া শুভেচ্ছা বার্তায় তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি উষ্ণ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তার ব্যানারে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও মহানুভবতার এক অপূর্ব প্রতিফলন। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদ আমাদের হৃদয়ে নিয়ে আসে প্রশান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের নির্মল আলো। এই ঈদ যেন আমাদের সকল বিভেদ ভুলিয়ে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে।

তিনি সমাজে সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

দেশের সার্বিক অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করে তিনি আরও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে। ঈদের এই পবিত্র মুহূর্তে সেই অঙ্গীকারই হোক আমাদের নতুন পথচলার প্রেরণা।

এ সময় তিনি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, আনন্দময় ও শৃঙ্খলাপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।