হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইঁদুর মারার বিষ (ট্যাবলেট) খেয়ে সালমান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সালমান হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন এবং পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের দায়িত্বও তার কাঁধে ছিল। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানায়। গত (২৮ মার্চ), রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নিজ বাড়ির সামনের রাস্তায় তিনি ইঁদুর মারার চারটি ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিরোধ বা মানসিক চাপের কারণেই তিনি এ ধরনের চরম সিদ্ধান্ত নিতে পারেন। সালমান হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদ তথ্যটি নিশ্চিত করেন। বিষয়টি ময়নাতদন্তের তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।