সিলেটের জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
উপজেলা প্রশাসন, জৈন্তাপুর এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ স্থানীয় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো গভীর আগ্রহে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দিনব্যাপী এ আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে জানান আয়োজকেরা।