স্টাফ রিপোর্টার।
জৈন্তাপুর উপজেলার নবীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বদলি জনিত কারণে বিদায়কালীন এক আবেগঘন ফেসবুক পোস্টে তাঁর দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা, অর্জন ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন।
আসসালামু আলাইকুম জানিয়ে তিনি জৈন্তাপুরবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন এবং জানান, ডিসেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে নানা জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন।
তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পরপরই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সফলভাবে পালন, এরপর জাতীয় নির্বাচন শতভাগ নিষ্ঠার সাথে সম্পন্ন, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা হয় স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায়।
তিনি আরও জানান, বড় পুকুর প্রকল্পসহ একাধিক উন্নয়ন প্রকল্প জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং পৌরসভা গঠনের প্রস্তাবও পাঠানো হয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিছু সীমাবদ্ধতার কারণে নাগরিকদের ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। একই সঙ্গে আইনগত সীমাবদ্ধতার কারণে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারায় অনুতাপ প্রকাশ করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাচার, মাদক, চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরদার হওয়া প্রয়োজন।
সারী ব্রিজ ও পাথর কোয়ারি রক্ষা, বড়গাঙ ও শ্রীপুর এলাকার বালু-পাথর উত্তোলন নিয়ন্ত্রণ, লালাখাল ইজারা ও ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও চ্যালেঞ্জের কথাও তিনি তুলে ধরেন।
তিনি জানান, বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও কিছু ক্ষেত্রে তথ্যপ্রদানকারী (ইনফরমার) সমস্যার কারণে জটিলতা তৈরি হয়েছে। ভবিষ্যতে এসব সম্পদ বৈধভাবে পরিচালনা করলে রাজস্ব আদায় ও শ্রমিকদের উপকার হবে বলেও মন্তব্য করেন।
খেলাধুলা ও তরুণদের অর্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জৈন্তাপুর উপজেলাকে নিয়ে তাঁর গভীর ভালোবাসা রয়েছে এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সাফল্যে তিনি আনন্দিত হয়েছেন।
সবশেষে তিনি লেখেন, “আমার ভুল আমার, ভালো কাজ জৈন্তাপুরবাসীর। জৈন্তাপুর আমার প্রথম পোস্টিং ও প্রথম ভালোবাসা—সবাইকে খুব মিস করব।”
তিনি তাঁর পারিবারিক কারণ ও বদলি জনিত সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে জৈন্তাপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান এবং সকলের জন্য দোয়া কামনা করেন।