গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে অবদান রাখা কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে গতকাল ১২/০৬/২০২৬ ইং রোজ শুক্র বার সারাদিন রামসা প্রকল্পের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে এক ব্যতিক্রমধর্মী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ ভ্রমণে তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার কারানির্যাতিত এবং ত্যাগী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আন্দোলন-সংগ্রামের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভ্রমণকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা কারানির্যাতন, মামলা-হামলা ও নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন, তাদের অবদান ভুলার নয়। তাদের দলপ্রেম, দেশপ্রেম ও আন্দোলন সংগ্রামের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ত্যাগী নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। তাদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আনিসুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় আনিসুল হক বলেন, “নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অবহেলিত হাওরাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর সঙ্গে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ ও জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা সময়ের দাবি।”

দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ব্যতিক্রমধর্মী এ আয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসার দাবীদার । নেতাকর্মীরা মনে করেন, এমন উদ্যোগ ত্যাগী কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক ঐক্যকে আর ও মজবুত করবে।