সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ফেলুডার (বালু উত্তোলন যন্ত্র) ও একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ৪নং বাংলাবাজার ইউনিয়নের বাউরভাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।
অভিযান চলাকালে বাংলাবাজার এলাকায় একটি ফেলুডার জব্দ করা হয়। একই সঙ্গে বাউরভাগ পশ্চিম এলাকা থেকে একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত ট্রাকটি দুইজন জিম্মাদারের জিম্মায় প্রদান করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রাণী দেব বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা ও প্রচলিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।