দৈনিক ইনাতগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক নাজমুল ইসলামের পুনরায় পর্তুগাল গমন উপলক্ষে ইনাতগঞ্জ বার্তা পরিবারের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে ইনাতগঞ্জ বাজারস্থ চায়ের বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ইনাতগঞ্জ বার্তা পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাদুল, ইনাতগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, বার্তা সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, প্রধান প্রতিবেদক মাসুদ শিকদার, ইমন আহমেদ, নবীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের দলনেতা-১ সাইফুর রহমান চৌধুরী, জাকারিয়া আহমেদ, রেদোয়ান চৌধুরী, আরিয়ান আহমেদ রনি এবং তানজিদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ইনাতগঞ্জ বার্তা ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে ইনাতগঞ্জ বার্তা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, সম্পাদক ও প্রকাশক নাজমুল ইসলাম অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসে অবস্থান করেও পত্রিকার উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর সুস্থতা, সফলতা ও নিরাপদ প্রবাস জীবন কামনা করে সবাই দোয়া করেন।

নাজমুল ইসলাম বলেন, আগামী রোববার আমি পর্তুগালের উদ্দেশে যাত্রা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। দৈনিক ইনাতগঞ্জ বার্তা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইনাতগঞ্জসহ নবীগঞ্জ উপজেলার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজ পাঠকদের ভালোবাসা ও আস্থার কারণেই ইনাতগঞ্জ বার্তা একটি শক্ত অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও আমরা নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখতে কাজ করে যাব।

অনুষ্ঠানের শেষ পর্বে নাজমুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ইনাতগঞ্জ বার্তা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।