জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আজমিরীগঞ্জ পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নেকদার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জীবন বলেন, ‘আজকের দিনে স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে চলে গেছেন। শুধু তিনি নন, তাঁর আত্মীয়স্বজনদেরও দুই দিন আগেই দেশের বাইরে পাঠানো হয়েছিল। অনেকেই পালিয়ে গেছেন, আবার অনেকেই পালিয়ে আছেন।’
তিনি বলেন, ‘দেশের মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছিল। মামলা-হামলা দেওয়া হয়েছে। দেশের অনেক মানুষকে গুম ও হত্যা করা হয়েছে। আজমিরীগঞ্জের বিএনপির প্রাণপুরুষ গোলাম ফারুকের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। মামলা-হামলার মাধ্যমে মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করে মানুষকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল।’

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে এমপি জীবন বলেন, মানুষের ক্ষোভ ধীরে ধীরে গণক্ষোভে পরিণত হয়। ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করেন, তখন আন্দোলনকারীদের হত্যা করা হয়। এমনকি ঘরে থাকা শিশুদেরও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘পৈশাচিকভাবে মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি অনেককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনার পর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে।’

৫ আগস্টের চেতনার কথা তুলে ধরে এমপি জীবন বলেন, ‘৫ আগস্টের চেতনা হলো একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তর করতে চাই।’

তিনি বলেন, আন্দোলনের নেতৃত্ব দেওয়া তারেক রহমান অবাধ নির্বাচনের মাধ্যমে সরকারপ্রধান হওয়ার পর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। তাঁর ঘোষিত কর্মসূচি অনুযায়ী কৃষকদের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিছুদিনের মধ্যে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে।

এ ছাড়া রাস্তাঘাটের উন্নয়ন ও হাওর এলাকায় খাল খননের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির সুবিধা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
কুশিয়ারা নদীর ভাঙন প্রসঙ্গে এমপি জীবন বলেন, আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩২০ কোটি টাকার কাজ কিছুদিন আগে শুরু হয়েছে। নতুন করে যেসব এলাকায় নদীভাঙন দেখা দিচ্ছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সিনিয়র সহসভাপতি রাজু নাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরশ, মাসুদ পারভেজ, অধ্যাপক এনামুল হক চৌধুরী, গোলাম মোস্তফা মধু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আলম, বিএনপি নেতা জাহিদ হাসান কবির, মিজানুর রহমান, আলী নেওয়াজ ও ডা. শফিকুর রহমান।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইমুল আলম, জেলা ছাত্রদলের সদস্য ইয়ামিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।