সিলেটবাসীর দীর্ঘদিনের আবাসন চাহিদা পূরণ এবং প্রবাসীদের জন্য পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সিলেট-তামাবিল বাইপাস সড়ক এলাকায় আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রস্তাবিত আবাসন প্রকল্পের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মন্ত্রী সিলেট-তামাবিল বাইপাস সড়কসংলগ্ন প্রস্তাবিত আবাসন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং আবাসন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সিলেটে বিপুলসংখ্যক প্রবাসীর বসবাস ও বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘সিলেটে যেহেতু প্রচুর প্রবাসী আছেন, তাদের জন্য একটি পরিকল্পিত শহর গড়তে চাই। এজন্য উপযুক্ত জায়গা সিলেটের কোথায় কোথায় রয়েছে, তা আমরা খুঁজে দেখছি।’

মন্ত্রী বলেন, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একটি আধুনিক ও স্মার্ট সিটির জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘পরিবেশের ভারসাম্য রেখে একটি স্মার্ট সিটিতে যা যা প্রয়োজন, আমরা তা করার উদ্যোগ নেব।’

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটবাসীর দীর্ঘদিনের পরিকল্পিত ও নিরাপদ আবাসনের প্রত্যাশা পূরণের পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগের সুযোগও তৈরি হতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত স্থান, আয়তন ও বাস্তবায়ন কাঠামোসহ বিস্তারিত বিষয় সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী পরিকল্পনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা ফেরদৌসী বেগম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেটের প্রকৌশলী নাজমুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।