সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারতীয় গরু, জিরা, কসমেটিকস, মহিষ এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি ট্রাউজারসহ প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় গরু, জিরা, কসমেটিকস ও মহিষের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি ট্রাউজার আটক করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।