টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর আভিযানিক দল। এসম ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। জব্দকৃত শাড়ি চালান জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।