হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘বানিয়াচং সিনিয়র ফাজিল (আলিয়া) মাদ্রাসা’র উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানে বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ পার্শ্ববর্তী বিভিন্ন মাদ্রাসার কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের এমন অর্জনে আয়োজক ও অতিথিবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নত করা এবং উচ্চশিক্ষার লক্ষ্যে আলিম শ্রেণিতে ভর্তির গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, “মাদ্রাসা শিক্ষা কেবল একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়। এখানে পবিত্র কোরআন ও হাদিসের সুমহান শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির (আইসিটি) মতো যুগোপযোগী বিষয়সমূহ অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়। সৎ, নীতিবান ও দক্ষ নাগরিক গঠনে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।”

​বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খানের সভাপতিত্বে এবং সামাউন মিয়ার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উক্ত মাদ্রাসার এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব পাপিয়া আক্তার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:

​মাওলানা মুবাশ্বির আহমদ

​আবু হামিদ মমশাদ

​মাওলানা আবদুল হামিদ হাশেমি

​মাওলানা হারিসুল হক

​মাওলানা আবু নাছের

​ইমরান আহমেদ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।

​কৃতি শিক্ষার্থীদের সুসংগঠিত উপস্থিতি ও অতিথিদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।