হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল (শামপুর) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত নাজমুল হাসান হত্যা মামলায় মো. আসাদুজ্জামান আশরাফকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তাঁকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার বুল্লা বাজারে গ্রামবাসী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, গত ২৭আগস্ট মনতৈল গ্রামে সংঘর্ষের সময় আসাদুজ্জামান আশরাফ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না।
তিনি অন্য গ্রামে নিজের কাজে ব্যস্ত ছিলেন এবং ঘটনার খবর পেয়ে বুল্লা বাজার থেকে স্থানীয় ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান।
শুধুমাত্র পারিবারিক আত্মীয়তার সম্পর্ককে পুঁজি করে তাঁকে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৬ নম্বর আসামি করা হয়েছে।
বক্তারা বুল্লা বাজারের সিসিটিভি ফটেজ ও মোবাইল লোকেশন যাচাই করে দ্রুত এই মিথ্যা মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া, লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মালু, লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, সাংবাদিক পারভেজ হাসান, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সামছুল আলম মালদার মিয়া, ছাত্রনেতা রবিউল ইসলাম রবি, শাওন আহমেদ সেন্টু, রিপন মিয়া, আজমল, টেনু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।