সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের মেঘালয় পাহাড়ের গুহা থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিক গর্তে পড়ে নিহত হয়েছেন। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে ওই শ্রমিক।

জানা গেছে, বুধবার সকালে ইউনুস আলীসহ অনেকে লালঘাট সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে অবৈধভাবে কয়লা আনতে ভারতের মেঘালয় পাহাড়ের কলারছড়া নামক স্থানে যান। একপর্যায়ে গর্তে প্রবেশ করে কয়লা কুড়ানোর সময় হঠাৎ তিনি পাথর চাপায় নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা ওপরে ওঠে স্বদেশে ফিরে বাড়িতে খবর দেয়। স্বজানরা গিয়ে বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির সাথে থাকা অন্যান্য বাংলাদেশী নাগরিকদের নাম- ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।