কলার ছড়ি নামানো হচ্ছিল আড়তে। হঠাৎ সেখান থেকেই বেরিয়ে এলো সাপ! মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় ছোটাছুটি। পরে খবর দেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজারের একটি কলার আড়তে এমন ঘটনা ঘটে। পরে উদ্ধার করা সাপটি খয়েরী ফণীমনসা বলে শনাক্ত করা হয়।

বাজারের ব্যবসায়ীরা জানান, পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করে আনা কলার ছড়ির সঙ্গে সাপটি আড়তে চলে আসে। কলার ছড়ির মধ্যে সাপটি লুকিয়ে থাকায় প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা সাপটি খয়েরী ফণীমনসা। কলার ছড়ি এ ধরনের সাপের আশ্রয়স্থল হতে পারে। পাহাড়ি এলাকা থেকে আনা কলার ছড়ির সঙ্গে সাপটি অনিচ্ছাকৃতভাবে বাজারে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কলার ছড়িতে আগেও সাপ

বন্যপ্রাণী উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, এর আগেও কলার ছড়ির ভেতর লুকিয়ে সবুজ ফণীমনসা সাপ শ্রীমঙ্গলের বাজারে চলে আসার ঘটনা ঘটেছে।

ফলে পাহাড়ি ও বনসংলগ্ন এলাকা থেকে আনা কলার ছড়ি বাজারে ওঠানোর সময় সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।